উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের জেরে এলাকায় পাঁচটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। গত সোমবার রাতে উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত মশিউর রহমান, মিকাইল ইসলাম ও জায়েদ শেখকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হিরণ ইউনিয়নের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের সঙ্গে অপর প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি তারা শুনেছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দেননি এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।