উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বিশ্বের বিভিন্ন দেশ চরম রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে আজ নিজেদের উন্নত ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছে। আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, পোল্যান্ড, নরওয়ে ও চীনের মতো দেশগুলোর পুনরুত্থানের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে উন্নয়নশীল রাষ্ট্রগুলো তাদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে পারে। সিঙ্গাপুর ১৯৬৫ সালে স্বাধীন হওয়ার পর বাসস্থান সংকট, দারিদ্র্য ও বেকারত্বে জর্জরিত ছিল। সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের নেতৃত্বে মানসম্মত সরকারি ফ্ল্যাট নির্মাণ, মালাক্কা প্রণালির কৌশলগত ব্যবহার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কঠোর দুর্নীতিমুক্ত শাসনের মাধ্যমে দেশটি বিশ্বমঞ্চে অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে সিঙ্গাপুরের ৮০ শতাংশ মানুষ সরকারি ফ্ল্যাটে বসবাস করেন। অন্যদিক, পোল্যান্ড ১২৩ বছরের পরাধীনতা, বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ ও দেউলিয়াত্ব কাটিয়ে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে। নরওয়েও ১৯৬৯ সালে তেল আবিষ্কারের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি উন্নত রাষ্ট্রে রূপ নিয়েছে। এছাড়া ১৮৪৫ থেকে ১৮৫২ সালের দুর্ভিক্ষ এবং ২০০৮ সালের মন্দা কাটিয়ে আয়ারল্যান্ড মাত্র ১২.৫ শতাংশ করপোরেট ট্যাক্স নির্ধারণের মাধ্যমে প্রযুক্তি ও ওষুধ শিল্পের বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলাদেশও সিঙ্গাপুরের মতো কৌশলগত ভৌগোলিক অবস্থানে রয়েছে এবং দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশই ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম তরুণ। চীন ও পোল্যান্ডের মতো বিশাল মানবসম্পদ থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও বিপরীতমুখী অবস্থানের কারণে কাঙ্ক্ষিত বিকাশ ব্যাহত হচ্ছে। রাজনৈতিক দূরদর্শিতা ও সঠিক মানবসম্পদ ব্যবহারের মাধ্যমে এই সুবর্ণ সুযোগ কাজে লাগানো সম্ভব।