উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, গুলিবর্ষণ, অগ্নিসংযোগ ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে একটি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকায় প্লাস্টিক বিস্ফোরক এবং নাটোরে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাবনায় ছাত্রদলের কর্মসূচিতে গুলি পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।নারায়ণগঞ্জে বাস-ট্রাকে আগুন নারায়ণগঞ্জে পৃথক স্থানে পার্ক করে রাখা একটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে সোমবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।ট্রাকচালক মামুন জানান, চট্টগ্রাম থেকে পোশাক কারখানার ঝুট নিয়ে নারায়ণগঞ্জে আসার পর তারা ট্রাকটি সড়কের পাশে রেখে ঘুমিয়ে পড়েন। পরে আগুন দেখতে পান। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আসে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।সিলেট সীমান্তে বিস্ফোরক উদ্ধার সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় অভিযান চালিয়ে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাত বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি ও এসআরবি। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নাটোরে পরিত্যক্ত ব্যাগে ছয়টি ককটেল নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫। রবিবার রাত সাড়ে তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে রাখা সাদা ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো সাধারণ ডায়েরিমূলে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।