উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভারতের কেরালার শ্রীশঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ১৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল করে তাদের পক্ষে রায় দিয়েছেন কেরালা হাইকোর্ট। কেরালা হাইকোর্টের বিচারপতি পি.ভি. কুন্হিকৃষ্ণনের এই রায়কে ‘আরএসএস-এর আদর্শিক আক্রমণের বিরুদ্ধে বড় জয়’ হিসেবে অভিহিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রায়ের পর ক্যাম্পাসে বিজয় মিছিল বের করে বামপন্থী ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর নেতাকর্মীরা ঘোষণা করেন, জীবনে ব্যর্থ হলেও তারা আরএসএস-এর কাছে মাথা নত করবেন না। সোমবার বিচারপতি পি.ভি. কুন্হিকৃষ্ণনের আদালত ১৬ শিক্ষার্থীর রিট আবেদন গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের ক্লাসে ফিরতে দেওয়ার নির্দেশ দেন। একই সাথে বহিষ্কারের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা ১০ শিক্ষার্থীর জন্য আগামী ছয় সপ্তাহের মধ্যে পৃথক পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ছয়জন পিএইচডি গবেষক হওয়ায় তাদের কোনো পরীক্ষা বাদ পড়েনি। আদালত তাঁর পর্যবেক্ষণে বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থায় ন্যায়বিচারের মৌলিক নীতি লঙ্ঘিত হয়েছে। তদন্ত কমিটি ঘটনার তদন্তে গিয়ে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে অসংশ্লিষ্ট অভিযোগ ও শিক্ষার্থীদের অতীত কর্মকাণ্ডও বিবেচনায় নিয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সাক্ষীদের বক্তব্য রেকর্ড করার পাশাপাশি তাদের জেরা করার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছিল। গত ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শূন্য প্রভাষক পদ পূরণ, সনদপত্র দিতে বিলম্ব, গবেষণা বৃত্তির দীর্ঘসূত্রতাসহ বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই দীর্ঘ ৮৪ দিন বহিষ্কৃত অবস্থায় কাটানোর পর আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।