উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ী এলাকাকে দক্ষিণ কোরিয়ার উলসান শহরের মতো একটি আন্তর্জাতিক জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে। বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে তারা দেশের বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করে। প্রধানমন্ত্রী এসকে গ্রুপের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সাক্ষাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিডা’র চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।