উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দেশের পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। সোমবার রাজধানীর শ্রম ভবনে অনুষ্ঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ এই প্রস্তাব পেশ করে। তবে মালিকপক্ষ ঠিক কত টাকা প্রস্তাব করেছে, তা প্রকাশ না করে আপাতত গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে মজুরি বোর্ড। মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের দেওয়া এই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। বেলা পৌনে ১২টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি ছাড়াও বিজিএমইএ-র নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এর আগে বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন। চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বিবেচনায় এই অঙ্ক যৌক্তিক বলে দাবি করা হয়। তবে মালিকপক্ষের প্রস্তাবিত অঙ্কটি প্রত্যাশার চেয়ে অনেক কম হওয়ায় শ্রমিকপক্ষ ক্ষোভ প্রকাশ করেছে। ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিক ও শ্রমিক উভয় পক্ষই এখন প্রস্তাবগুলো পর্যবেক্ষণ করবে এবং পরে সংশোধিত প্রস্তাব দিতে পারবে। উল্লেখ্য, গত বছর শ্রমিক আন্দোলনের মুখে মালিকপক্ষ ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল, যা পরে চূড়ান্ত করা হয়।