উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
লিংকডইনসহ বিভিন্ন চাকরির ওয়েবসাইটে আকর্ষণীয় বেতনের প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলা হচ্ছে সাবেক ও বর্তমান মার্কিন সরকারি কর্মকর্তা, সামরিক সদস্য ও নিরাপত্তা বিশেষজ্ঞদের। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠান তৈরি করে চলছে এই গোয়েন্দা তৎপরতা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশেষ করে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় বিপুলসংখ্যক সরকারি কর্মী চাকরি হারানোর পর এই তৎপরতা আরও বিস্তৃত হয়েছে বলে মনে করছেন সাবেক মার্কিন কর্মকর্তারা। গত জুনে এ ধরনের গোয়েন্দা তৎপরতার অভিযোগে ১৩টি ওয়েবসাইট বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তবে সিএনএনের অনুসন্ধানে দেখা গেছে, ওই ১৩টি ওয়েবসাইটের বাইরেও একই ধরনের আরও অনেক সাইট সক্রিয় রয়েছে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার এ ধরনের ১০০টির বেশি ওয়েব ডোমেইন শনাক্ত করেছেন। তার মতে, এফবিআই যে ১৩টি ডোমেইন বন্ধ করেছে, সেগুলো হিমশৈলের চূড়ামাত্র এবং এই বিশাল নেটওয়ার্কের পেছনে চীনা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। চীন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে এবং এফবিআই জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে।