উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করেছে। জাহাজটিতে ৪০৫ টন রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছিল। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সরকারি বিবৃতি অনুযায়ী, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটিকে আটক করা হয়। ২০ নভেম্বর বেলাওয়ানে সাংবাদিক সম্মেলনে অভিযানের কথা প্রকাশ্যে আনা হয়। নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ সমুদ্রপথে অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে এমভি স্টার লাইনকে থামায়। জাহাজটি বেতার যোগাযোগে কোনো সাড়া দিচ্ছিল না এবং এর পরিপ্রেক্ষিতে অভিযান শুরু হয়। তল্লাশিতে জাহাজে থাকা মোট ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৫৪টি প্যালেটে লাখ লাখ খালি সিম কার্ড পাওয়া যায়। সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অক্সিডাইজার, যা মূলত রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।