উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রবিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে জামায়াত আমীরকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে এবং সেই ঘণ্টা আমরাই বাঁধবো বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মহান আল্লাহর ওপর ভরসা করে আমরা বলতে পারি বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের প্রধান সারথী হবো আমরাই। জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনزمযোগ্য উল্লেখ করে তিনি বলেন, দেশীয় সংবাদমাধ্যম যখন সঠিক তথ্য তুলে ধরতে পারছিল না, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববাসীর কাছে নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। তিনি আরও বলেন, প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলা হলেও বিমানবন্দরে তাঁদের লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রবাসীদের পূর্ণ ভোটাধিকার নিশ্চিতের দাবিতে অতীতে সোচ্চার ছিলাম এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনেও তাদের বঞ্চিত করা হলে প্রতিবাদ জানানো হবে। আমরা কেবল আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, এই আন্দোলন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর মাস্টারমাইন্ডের ফসল ছিল না। আবু সাঈদ, মুগ্ধ কিংবা ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমে আসা মায়েরা—এরাই জুলাই অভ্যুত্থানের প্রকৃত নায়ক এবং শহীদরা গোটা জাতির সম্পদ। জুলাইয়ের চেতনা ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা এবং জনগণ গণভোটে যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। তরুণ প্রজন্মের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চাই এবং বাংলাদেশ নামের এয়ারক্রাফটের ককপিটে বসবে তরুণরা। আমাদের আগামী প্রার্থী তালিকার ৬২ শতাংশেরই বয়স ৪৫ বছরের নিচে এবং নারীদের অংশগ্রহণ ও অবদানকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার ও বিরোধী দলের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে সরকারের ইতিবাচক পদক্ষেপে সমর্থন থাকবে, তবে কোনো ভুল দেখলে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হবে। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। দেশে-বিদেশে আপনার দলের বহু দক্ষ ও যোগ্য ব্যক্তি রয়েছেন, তাদের দিয়ে সরকারের নেতৃত্ব সাজান। বিএনপি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তারাও আমাদের মতো সাড়ে ১৫ বছর ধরে সীমাহীন জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদের বহু নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ডা. এস এম খালিদুজ্জামান এবং মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ড. শিবলী সোহাইল, অধ্যাপক ড. আবু ইউসুফ এবং আসিফ ইকবাল।