উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ধ্বংসের দাবি করা হয়েছে। ইরানের হেঙ্গাম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, তেলবাহী ট্যাংকার ও ড্রোন লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইরান। গত সাত দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে তার দেশ নীরব অর্থনৈতিক যুদ্ধের মুখে পড়েছে। চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং বিশ্বজুড়ে জ্বালানিসংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলার মাধ্যমে চলমান সংঘাতে নিজেদের কৌশলগত সুবিধা কাজে লাগাতে চাইছে তেহরান। যুদ্ধ বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেরও হামলার চাপ সহ্য করতে হবে—এমন বার্তাই দিচ্ছে ইরান। মার্কিন অবরোধ ভাঙতে তেহরান প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, অর্থনৈতিক অবরোধের কারণে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তির পরিকল্পনা রয়েছে তার। এই চুক্তির লক্ষ্য হবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দেশটির গণমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক অবরোধকে যুদ্ধেরই একটি রূপ বলে মনে করে তেহরান। বর্তমান পরিস্থিতিতে ইরানের অর্থনীতি ও সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়লেও তেহরান তাদের পাল্টা অবস্থান অব্যাহত রেখেছে।