উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সমাবেশে শামসুজ্জামান দুদু মন্তব্য করেন যে, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও তাদের রক্ষা করা কঠিন হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের হাতে তারা ধরা পড়লে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা মুশকিল বলেও উল্লেখ করেন তিনি। নিজের দোষ ও অপশাসনের কারণেই শেখ হাসিনা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন বলে জানান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ভঙ্গুর হওয়া অর্থনীতি পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এক জায়গায় এসে দাঁড়ানোর আহ্বান জানান শামসুজ্জামান দুদু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।