উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। বিপদে-আপদে সবসময় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিশিষ্ট এই চিকিৎসক বলেন, আমরা বিশ্বাস করি বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। সব সময় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। তিনি আরও যোগ করেন, আমরা সকলে মিলে একযোগে কাজ করব কারণ আমাদের গর্বের দেশ হলো সবার আগে বাংলাদেশ। নিজের রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের জন্য মানুষ, আমার আগে আমরা এবং আমাদের আগে দেশ। ক্ষমতার চেয়ে সবসময় জনতাই বড়, আর সবার ওপরে দেশ। অনুষ্ঠানে রাজধানীর মহাখালীর মহাখালী কমিউনিটি সেন্টারে ঢাকা ১৭ আসনের অন্তর্গত চারটি থানার দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার মোট ১৬৫ জনকে আর্থিক চেক প্রদান করা হয়। এর মধ্যে দুস্থ ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী ২ জন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জন অন্তর্ভুক্ত ছিলেন। ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জন রোগীর মাঝে চেক ও নিম গাছের চারা বিতরণ করেন। এই আর্থিক চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭ নং সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।