উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ওমান সালতানাতের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। রোববার রাজধানীর হোটেল শেরাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর। অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের উদ্দেশে পাঠানো একটি শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির হাতে তুলে দেওয়া হয়। শুভেচ্ছাবার্তায় জামায়াত আমির ওমানের সুলতানসহ দেশটির সরকার ও জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ ও ওমানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ প্রকাশ করেন।