উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা হয়। বিপরীতে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ভ্যাটের বোঝা তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ, আয়ের অনুপাতে সবচেয়ে ধনীদের চেয়ে দরিদ্রদের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের সাম্প্রতিক গবেষণায় বাংলাদেশের মানুষের মধ্যে সম্পদ বৈষম্যের এক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। দেশের সবচেয়ে ধনাঢ্য ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ। এছাড়া শীর্ষ ১০ শতাংশ পরিবারের কাছে পুঞ্জীভূত হয়েছে ৭৬ দশমিক ৪ শতাংশ সম্পদ। কর প্রশাসনের দুর্বলতায় ধনাঢ্য ও উচ্চমধ্যবিত্ত শ্রেণির বিপুল পরিমাণ করযোগ্য আয় করজালের বাইরে থেকে যাচ্ছে। সম্পদের এই অসম বণ্টন ঠেকাতে র্যাপিডের গবেষণায় আয়করের আওতা বাড়ানো, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উত্তরাধিকার কর প্রবর্তনসহ সাতটি সুপারিশ করা হয়েছে।