উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকারের ভেতরেই একটি ছায়া সরকার কাজ করছে। প্রশাসনের দায়সারা কর্মকাণ্ড জনগণের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ, যা আজ জনগণের কাছে প্রমাণিত হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় দলের মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত তুরাগ উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির মো. মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে সেলিম উদ্দিন আরও বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, সে সরকার জনগণের সরকার হতে পারে না। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদের বিশেষ অধিবেশন ডেকে জুলাই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন। সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদী চরিত্রের শাসনব্যবস্থা বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে। এ সময় তিনি সংগঠনের কর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।