উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফতুল্লা, স্টাফ রিপোর্টার, ফতুল্লা ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি ইটভাটার স্থাপনা এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়েছে। বাকি ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (২২ নভেম্বর) সদর উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারায় মেসার্স এনবিএম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।