উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের সময় মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণের অভিযোগে ৪৭ বছর বয়সী এক তুর্কি নারীকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। রোববার তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরাইলি পুলিশের দাবি, ওই নারী মুসল্লিদের অর্থ দেওয়ার পাশাপাশি অনলাইনে এবং বিভিন্ন স্থানে নিহত হামাস নেতা আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করেছেন। পুলিশের সন্দেহ, ওই নারী হামাসের সাথে সম্পৃক্ত এবং তিনি উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারের সময় পুলিশ ওই নারীর ফোন ও ব্যাকপ্যাক জব্দ করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উপকরণ সরবরাহ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। তবে মসজিদ প্রাঙ্গণে তিনি কোনো প্রচারণামূলক সামগ্রী বিতরণ করেছিলেন কি না, তা স্পষ্ট করেনি পুলিশ। অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদের পর রোববার আদালতে হাজির করার কথা রয়েছে। ইসরাইলি পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সুবিধার্থে তারা আদালতে ওই নারীর রিমান্ড বা আটকের মেয়াদ বাড়ানোর আবেদন জানাবে।