উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে। নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে চিরভাস্বর শহীদ জিয়া শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান এই বইটি রচনা করেছেন। ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিদেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে অসত্য প্রচারণা চালাচ্ছেন বলে জানান রিজভী। তিনি বলেন, অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, এখনো একই কায়দায় ষড়যন্ত্র চলছে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি জানান, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান। এত কিছুর পরও সরকার অত্যন্ত শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে সরকারের ভূমিকার প্রশংসা করেন রুহুল কবির রিজভী। অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থটির বিভিন্ন দিক তুলে ধরে রিজভী বলেন, এটি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে।