উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি অনুকরণীয় এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সংবর্ধনা অনুষ্ঠানের পর তাদের সঙ্গে চা-চক্রে মিলিত হন। অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্যগণ, সংসদ সদস্যগণ, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ উপস্থিত ছিলেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সস্ত্রীক এই সংবর্ধনায় অংশ নেন। সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরাও উপস্থিত ছিলেন। সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্রবাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকালে ঢাকা সেনানিবাশে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন এবং সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সশস্ত্রবাহিনী বিভাগে যান এবং সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শনিবার বিকালে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্রবাহিনীর মধ্যে সবার আগে বাংলাদেশ এই চেতনায় উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। তিনি আরও জানান যে, বাংলাদেশকে নিরাপদ ও শক্তিমান করতে সরকার সশস্ত্রবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালীকরণের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করছে।