উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ নভেম্বর এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ বা চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত ইতিমধ্যেই চার্জশিট গ্রহণ করেছেন এবং আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন। আইনজীবী আরও জানান, এই মামলায় প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক দুটি আদালতে অনুষ্ঠিত হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির বাসা থেকে নিখোঁজ হয় সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।