উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিয়ান, মহানগর প্রতিনিধি ||
ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা পারভীন (২৫), সাহেদ আলী (২৫) এবং মো. হোসেন (২৪)। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা ও জানালা বন্ধ ছিল। ভোরে হঠাৎ বিকট শব্দের পর ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা ভেঙে উড়ে যায় এবং ভেতরের আসবাবপত্র পুড়ে যায়। পরে আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।একজন প্রতিবেশী প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর তিনি ওই বাসায় গিয়ে গ্যাসের চুলার চাবি খোলা অবস্থায় দেখতে পান।এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, রান্নাঘরের চুলার গ্যাস লাইনের সুইচ খোলা ছিল, তবে তখন লাইনে গ্যাস ছিল না। রাতে লাইনে গ্যাস সরবরাহ শুরু হলে সুইচ খোলা থাকায় পুরো ঘরে গ্যাস জমে যায়। এরপর ভোরের দিকে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে এবং চারজন দগ্ধ হন।