উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
খাগড়াছড়িতে মাটির নিচ থেকে উদ্ধার হওয়া একটি মর্টারশেল বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট। শনিবার খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গল বোমা ডিসপোজাল ইউনিট খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করে। এর আগে শুক্রবার বিকেলে জেলা সদরের শালবন পল্লীটিলা এলাকায় মর্টারশেলটির সন্ধান পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বাড়ির পাশে সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গেলে প্রায় এক ফুট গভীরে লোহা সদৃশ একটি বস্তুর সন্ধান পান। পরে তিনি বিষয়টি তার ভাই সেকান্দারকে জানান। সেকান্দার মর্টারশেলটি গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে কাটার চেষ্টা করলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি শনাক্ত করে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মর্টারশেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন ছিল। তবে এটি ঠিক কোন সময়ের এবং কারা ব্যবহার করত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।