উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আমেরিকানদের বিয়ে করা, অধিক সন্তান গ্রহণ এবং তাদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন। গত ১৯শে নভেম্বর এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। লেভিট তার পোস্টে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশট যুক্ত করেন, যেখানে বলা হয়েছে ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে। তিনি লিখেছেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’ লেভিটের এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদল নেটিজেন তার পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপকে সমর্থন জানালেও অনেকে এর তীব্র সমালোচনা করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, একজন জনপরিচিত ব্যক্তির এভাবে নির্দিষ্ট জীবনধারা চাপিয়ে দেওয়া উচিত কি না। সমালোচকদের অনেকেই বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করেছেন। জনৈক এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’ যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে অনেক পরিবারের জন্য অধিক সন্তান লালন-পালন করা কঠিন হয়ে পড়ছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।