উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের একাদশে জায়গা পাননি পেসার মোহাম্মদ সিরাজ। ধর্মীয় পরিচয়ের কারণে তাকে একাদশে রাখা হয়নি বলে অভিযোগ তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ। শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ভালো পারফরম্যান্স থাকা সত্ত্বেও শুধু নামের কারণেই তাকে দলে নেওয়া হয়নি। তবে নিজের এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে পারেননি ওই কংগ্রেস নেতা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে পেসারদের সহায়ক উইকেটেও সিরাজকে বাইরে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী, সাবেক ওপেনার ওয়াসিম জাফর, হর্ষ ভোগলে ও মোহাম্মদ আজহারউদ্দিন সিরাজকে না খেলায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন আশঙ্কা প্রকাশ করেছেন যে, সিরাজ শেষ পর্যন্ত বিশ্বকাপের দল থেকেও বাদ পড়তে পারেন। এদিকে কংগ্রেস নেতার আনা ধর্মীয় বৈষম্যের এই অভিযোগ শক্তভাবে প্রত্যাখ্যান করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি জানান, তাদের দেশে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়। এর সঙ্গে কোনো ব্যক্তি বা ক্রিকেটারের ধর্ম কিংবা বর্ণের কোনো সম্পর্ক নেই।