উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় চাঁদা না পেয়ে রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামের এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রেদোয়ান হোসেন রিফাত শিবপুর মৈশানবাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত আব্রাদ হাসান সজীব স্থানীয় এক কিশোর গ্যাংয়ের নেতা বলে জানা গেছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে সজীব ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় রেদোয়ানকে মারধর এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলা হয়। এই ঘটনার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন তিনি। ছেলের সন্ধান না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। শুক্রবার স্থানীয়রা সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের বাবার অভিযোগ, সজীব তার ছেলেকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দিয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।