উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভারতের কলকাতা ও শিলিগুড়ি থেকে বাংলাদেশের ভিসা প্রদান কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের নোটিসে ৩০ নভেম্বরের পরে বর্তমান ভিসা আবেদন কেন্দ্র দুটিতে আবেদন জমা দিতে নিষেধ করা হয়েছে। ফলে ওই তারিখের পর থেকে সেখানে ভিসা আবেদন সংক্রান্ত কোনো কার্যক্রম আর চলবে না। এই সিদ্ধান্ত ভারত ও অন্যান্য দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের বড় ধরনের সমস্যায় ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ সরকার ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে ভিসা আউটসোর্সিং চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অনির্দিষ্টকালের জন্য কলকাতা ও শিলিগুড়িতে কার্যক্রম স্থগিতের কথা জানায়। চুক্তিটি ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়ায় বর্তমান কেন্দ্রগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। নতুন ভিসা আবেদন গ্রহণ কেন্দ্রগুলোর ঠিকানা এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার নাম শীঘ্রই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হবে বলে জানা গেছে। কেন্দ্রগুলো বন্ধ থাকায় আবেদনকারীদের এখন অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হতে পারে। তবে উপ হাইকমিশনের নোটিশে ভিসা প্রদান পুরোপুরি স্থগিত বা প্রক্রিয়া চিরতরে বন্ধ করার বিষয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি।