উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
আগামী দিনে দেশ পরিচালনার প্রতিটি স্তরে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের দায়িত্ব পালনের উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানানো হয়েছে। সে লক্ষ্যে আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করা এবং প্রকৃত মুসলমান হওয়ার পাশাপাশি নিজ নিজ পেশায় সর্বোচ্চ মান অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে মহানগরীর ১২ ও ১৩ নং ওয়ার্ডের সক্রিয় কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এ আহ্বান জানান।বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, মানুষের মধ্যে আগামী দিনে জামায়াতে ইসলামীকে নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং দলটি যেহেতু বর্তমানে প্রধান বিরোধী দল, তাই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের প্রত্যেকটি স্তরে উপযুক্ত ব্যক্তিদের দ্বারা দায়িত্ব পালন নিশ্চিত করা জরুরি। এ প্রস্তুতির অংশ হিসেবে পেশাজীবীদের প্রতিটি স্তরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি ও ভালো মুসলমান হওয়ার পাশাপাশি যার যার পেশায় নিজের মানকে সর্বোত্তম মানে উন্নীত করতে হবে।সম্মেলনে কর্মীর সংজ্ঞা ও আদর্শিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, যিনি কাজ করেন, তিনিই কর্মী। আদর্শগত দিক থেকে উল্লেখ করে তিনি বলেন, "আমরা যেহেতু একটি আদর্শ লালন করি—ইসলামী আদর্শ; তাই সাংগঠনিক পরিচয়ের কারণে জামায়াতে ইসলামীর কর্মী বললেও চূড়ান্তভাবে আমাদের পরিচয় আমরা ইসলামের পক্ষের কর্মী।"ইসলামী আন্দোলনের কর্মীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দেন। তিনি বলেন, যাদের নামাজ, কোরবানি, জীবন ও মৃত্যু—সবকিছুই একমাত্র রাব্বুল আলামিনের জন্য; যারা জান্নাতের বিনিময়ে আল্লাহর রাস্তায় জান ও মাল উৎসর্গ করতে প্রস্তুত; যারা সব ধরনের শিরক ও ভ্রান্ত পথ থেকে মুখ ফিরিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ধাবিত হন এবং ঈমানের পর কোনো ধোঁকা বা দ্বিধা-সংশয়ে না পড়ে জান-মাল দিয়ে সংগ্রাম করেন—তারাই প্রকৃত অর্থে ইসলামী আন্দোলনের কর্মী ও মুমিন।কর্মীদের দায়িত্বশীলতা ও সক্রিয়তার বিষয়ে তিনি বলেন, কর্মী মানেই যিনি কাজ করেন এবং যিনি স্বচালিত। এ প্রসঙ্গে তিনি বলেন, "আজকে ৫০০ কর্মী আছে বলে শুনলাম। এখানে স্লট দেওয়া হয়েছে ২০০ জনের; এর মধ্যে সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ জন ভাই হাজির হতে পারেন। ৫০০ কর্মীর মধ্যে ৩০ জন যৌক্তিক কারণে অনুপস্থিত থাকলে তা বোঝা যায়, কিন্তু ৩৫০ জন কর্মী না আসলে সংগঠন কীভাবে স্বচালিত হলো?"দিনব্যাপী এই কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, ও পূর্ব সাংগঠনিক থানার আমির হাবিবুর রহমান সহ ১২ ও ১৩ নং ওয়ার্ডের সক্রিয় কর্মীরা অংশগ্রহণ করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।