উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রূপগঞ্জ প্রতিনিধি, রূপগঞ্জ ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম রফিকের মালিকানাধীন আটা, ময়দা ও সুজি প্রক্রিয়াজাতকরণ কারখানায় গভীর রাতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত কারখানায় প্রবেশ করে মূল্যবান মালামাল লুটপাটের পর আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পরে কাঞ্চন পৌরসভা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় কর্মসংস্থান হারানোর আশঙ্কায় পড়েছেন সেখানে কাজ করা নিম্ন আয়ের দেড় শতাধিক শ্রমিক। তাদের অনেকের পরিবারের জীবিকা এই কারখানার আয়ের ওপর নির্ভরশীল।স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটি সাবেক মেয়র রফিকুল ইসলাম রফিক মেয়র থাকাকালে প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে তিনি কারখানাটি অন্য একটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেন। ফলে কারখানাটিতে বর্তমানে কোন প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল, তার মালিকানা ও পরিচালনাসংক্রান্ত বিষয়টিও সামনে এসেছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রফিকুল ইসলাম রফিক একসময় কাঞ্চন পৌর যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের মনোনয়নে কাঞ্চন পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৯ সালের পৌর নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি সপরিবারে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় কয়েকজনের দাবি। তবে তার বর্তমান অবস্থান এবং কারখানাটির ব্যবস্থাপনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়দের অনেকে বলেন, রাতের আঁধারে কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারখানাটিতে কর্মরত প্রায় দেড় শতাধিক শ্রমিকের কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যাদের অনেকেই দিন এনে দিন খাওয়া পরিবারের সদস্য।ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারখানাটি দীর্ঘদিন ধরে অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া থাকলে সেখানে হামলার উদ্দেশ্য কী ছিল ? লুটপাটের পর পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে, নাকি অন্য কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে ? কারখানার মালিকানা, ভাড়াটিয়া প্রতিষ্ঠানের সঙ্গে কোনো বিরোধ কিংবা রাজনৈতিক প্রতিহিংসার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।এ বিষয়ে ভোলাব পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে এখন পর্যন্ত লুট হওয়া মালামালের পরিমাণ, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য, হামলাকারীদের পরিচয় এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।সংশ্লিষ্টদের মতে, এ ঘটনায় শুধু একটি শিল্পপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয় নয়, দেড় শতাধিক শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকার প্রশ্নও জড়িত। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা এখন জরুরি।কারখানাটিতে অগ্নিসংযোগের নেপথ্যে কারা, কী উদ্দেশ্যে এই হামলা এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক বিরোধ জড়িত কি না—এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের অপেক্ষায়।