উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
আঞ্চলিক একটি সম্মেলনে যোগ দিতে শুক্রবার (২০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন পাকিস্তানের এক মন্ত্রী। গত বছর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি ভারত সফরে গেলেন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতের রাজধানীতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি সাংস্কৃতিক সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করছেন। ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে। ২০২৩ সালের মে মাসে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়া রাজ্যে এসসিওর বৈঠকে অংশ নিয়েছিলেন। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করলেন। ১০ সদস্যের এই আঞ্চলিক জোটের সভ্যতাভিত্তিক সংলাপ ফোরামে বক্তব্য দেয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। চার দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হলো অঞ্চলটির সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতাগত ঐতিহ্য উদযাপন করা।