উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফতুল্লা, স্টাফ রিপোর্টার, ফতুল্লা ||
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে রতন ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের একজনের শরীরের ৮৭ শতাংশ এবং অন্যজনের ৫২ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২০ নভেম্বর) ভোররাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিক পাশা (৪০) ও রঞ্জিতকে (৪৫) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন স্থানীয় বাসিন্দাদের বরাতে জানান, বিস্ফোরণের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন কারখানায় ছুটে যান। তাঁরা ভেতরে ধোঁয়া দেখতে পান এবং দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।পুলিশের ধারণা, গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত। ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিককে আটক করা হয়েছে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়েছে। দুজনেরই শ্বাসনালিতে আঘাত রয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।