উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটির অন্তত ৭২টি শাখা হামলার শিকার হয়েছে। এর মধ্যে গতকাল ভোরেই ২৯টি শাখায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কোথাও পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ, কোথাও পেট্রোল-কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের উপবিভাগীয় প্রধান রকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতে একযোগে ব্যাংকের ২৯টি শাখায় হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। অধিকাংশ ক্ষেত্রে মোটরসাইকেল বা ভ্যানে এসে শাখাগুলোতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। গ্রামীণ ব্যাংকের এসব ঘটনায় ব্যাংকের মূল্যবান আসবাবপত্র, ফাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। কোথাও কোথাও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায় বলেও জানান তিনি। টাঙ্গাইলের বাসাইল, সুনামগঞ্জের তাহিরপুর, বগুড়ার ধুনট ও নরসিংদীর রায়পুরায় রাতের বেলা গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। এছাড়া গোপালগঞ্জ, পাবনা, চট্টগ্রাম ও দিনাজপুরসহ বিভিন্ন জেলার শাখায় হামলা, অগ্নিসংযোগ এবং নথিপত্র পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। একটি আর্থিক প্রতিষ্ঠানের এতগুলো শাখায় ধারাবাহিক হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা, গ্রাহকদের আমানত এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, কোনো ব্যাংকে হামলা হলে এর প্রভাব সাধারণ মানুষের ওপরও পড়ে।