উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজনীতিতে পুনরায় ফিরতে হলে আওয়ামী লীগকে সন্ত্রাসের পথ পরিহার করতে হবে। একই সঙ্গে অতীত অপরাধের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিপ্লবী কৃষক সংহতির আয়োজনে সারের ডিলারশিপে দুর্নীতি ও দলীয়করণ বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সাইফুল হক বলেন, ক্ষমতার থাকা ও বাইরে থাকা অবস্থায় আওয়ামী লীগ সন্ত্রাস চালিয়েছে। সন্ত্রাসের মাধ্যমে কখনোই রাজনীতিতে ফিরে আসা সম্ভব নয়। কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি জানান, সারের ডিলারশিপে অনিয়ম ও টেন্ডারবাজির কারণে কৃষক হয়রানির শিকার হচ্ছেন। অনেক স্থানে ১ হাজার টাকার সার ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দুর্নীতি বন্ধে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, কৃষকরা উৎপাদন খরচ বেশি দিলেও ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষিবাজার সংস্কার করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করার দাবিও জানান তিনি।