উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়েছে গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ করা হয় এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও দেশীয় অস্ত্র হাতে মহড়া দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম উজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং দুপুরে সদরের পাঁচুড়িয়া এলাকায় বিএনপির কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা থানায় হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার সময় থানায় প্রায় ৯০ জন পুলিশ সদস্য ছিলেন এবং হামলাকারীদের সংখ্যা অনেক বেশি থাকায় পুলিশ সদস্যরা একপর্যায়ে থানা থেকে সরে যান। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের কার্যক্রম গণতন্ত্র বিশ্বাসী কোনো রাজনৈতিক দল করতে পারে না। তিনি আরও বলেন, জনগণের জানমালের ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ ২৪ সালে যেভাবে জবাব দিয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে ঠিক সেভাবেই দিবে।