উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার আমার দেশকে জানান যে সরকারের সহযোগিতায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে পাঁচটি ব্যাংক একীভূত করে বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করায় স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগছে। তিনি আরও বলেন যে বিদেশি বিনিয়োগ এলে ব্যাংকটির সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে এবার সৌদি আরবকে কৌশলগত অংশীদার করতে চায় সরকার। মূলধন শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, তারল্য পরিস্থিতির উন্নতি ও সুশাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অংশীদার আনার এই উদ্যোগে সৌদি আরবকে বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। বিদেশি বিনিয়োগ আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ব্যাংকটির সম্পদ ও দায়, খেলাপি ঋণের অবস্থা এবং প্রকৃত আর্থিক মূল্যায়ন পর্যালোচনার বিষয়ে সভায় আলোচনা হয়। বিভিন্ন অনিয়মের কারণে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে গত বছরের নভেম্বরে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়।