উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদের নেতারা। গত বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সদস্যের কার্যালয়ে পরিষদের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোমতাজীর নেতৃত্বে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ এ মতবিনিময় সভায় গত ১৭ অক্টোবর শিল্পাঞ্চলে একটি মাহফিলে সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় নেতারা ১৭ অক্টোবরের মাহফিলে সংঘটিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং দেশের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সংসদে খতমে নবুওয়াতের সুরক্ষায় বিল উত্থাপন, ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব সংসদ সদস্যের কাছে পেশ করেন তাঁরা। একই সঙ্গে তাঁদের উত্থাপিত দাবিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান নেতারা। জবাবে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী জাতীয় সংসদে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সাক্ষাৎকালে জামায়াতে ইসলামী ও স্থানীয় উলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।