উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভোলার চরফ্যাশনে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের বিরুদ্ধে গৃহীত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে চরফ্যাশন আইনজীবী সমিতি। সমিতির কাছে লিখিত আবেদনের ঠিক পরদিনই সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানা গেছে, গত ১৭ নভেম্বর অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন তার বিরুদ্ধে নেওয়া সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন। এর পরদিন ১৮ নভেম্বর সমিতির সাধারণ সভায় আবেদনটি পর্যালোচনা করে স্থগিতাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার স্বাক্ষরিত এক স্মারকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সমিতির সভাপতি জানান, তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাধারণ সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিতাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন বলেন, সমিতির স্বার্থে এবং আইনজীবীদের মানোন্নয়নের লক্ষ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় তিনি সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।