উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
হাবিপ্রবির ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দীপক কুমার সরকারের বিরুদ্ধে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ প্রস্তাব ও হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে শিক্ষক দীপক কুমার দাবি করেছেন যে তিনি এ বিষয়ে সম্পূর্ণ অবগত নন এবং এমন কিছু করেননি। লিখিত অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২৩ জুলাই রাতে ওই শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান শিক্ষক দীপক। পরদিন সকালে এক বান্ধবীকে সঙ্গে নিয়ে তার কক্ষে দেখা করতে বলা হলে তিনি ব্যক্তিগত কথা বলার অছিলায় বান্ধবীকে বাইরে পাঠিয়ে দেন। এরপর শিক্ষক ছাত্রীকে বলেন যে তার প্রথম প্রেমিকার মতো দেখতে তাকে এবং তিনি তাকে দেখলে বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই শিক্ষক শিক্ষার্থীকে বিকালে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়া ও ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন। একপর্যায়ে তার হাত ধরে হ্যান্ডশেক করে তিনি বলেন যে তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া শিক্ষার্থী বিষয়টি পরিবার ও অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকে জানান, যার প্রেক্ষিতে শিক্ষকের স্ত্রীও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে ২০২৬ সালের ১৭ জানুয়ারি ভাইভার সময় সিআরের মাধ্যমে তাকে আবারো ডেকে নিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে জানানো হয়। এসব হয়রানির কারণে শিক্ষার্থী মানسিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এবং দীর্ঘদিন ক্লাস করতে না পারায় তার পরীক্ষার ফলও খারাপ হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।