উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় সহিংসতার ঘটনার জেরে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। তবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না পাওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩ মিনিটে থানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিন্তু নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় মুকসুদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুপুর ১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরবর্তীতে দুপুর ২টার পর তারা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। পুলিশ ও স্থানীয়দের নিরাপত্তার মধ্য দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টা চালান। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাহাজাহান সিকদার জানান, সোয়া তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।