উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বাড়তি নজরদারি বসানো হয়েছে। সাভার, নারায়ণগঞ্জ ও আশপাশের জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টেও চেকপোস্ট বাড়ানো হয়েছে। বাস, ট্রাকসহ সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, রাজধানীর বিভিন্ন সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলে নিয়মিত ও আকস্মিক তল্লাশি চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা এবং মাঠপর্যায়ের কর্মীদের শনাক্ত করা হচ্ছে। তিনি আরও জানান, নাশকতায় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের উৎস বন্ধ করতেও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার বাইরে থেকে কেউ যাতে সংঘবদ্ধ হয়ে রাজধানীতে প্রবেশ করতে না পারে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিভিন্ন অপরাধে পরিচালিত অভিযানে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৬৪টি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনার পর রাজধানীতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে ১৪৩ জন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯১, লালবাগে ৭০, তেজগাঁওয়ে ৬৮, মতিঝিলে ৫৮, উত্তরা বিভাগে ৫৫, রমনায় ৫০ এবং গুলশানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি গ্রেপ্তার করেছে একজনকে। অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ছয়টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৬ হাজার ৮৭১টি ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও নয় বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। এ ছাড়া ২৯টি টর্চলাইট, ১১টি মোবাইল ফোন, একটি অটোরিকশা, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানের ৫৯টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে ৪৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার প্রবেশপথ থেকে শুরু করে আবাসিক হোটেল, মেস ও সন্দেহভাজন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ডিএমপির পাশাপাশি এসআরবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সমন্বিতভাবে মাঠে কাজ করছে। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা করে ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু হয়েছে। নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। তিনি জানান, কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে চেকপোস্টে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। রাজধানীতে নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। এরই মধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে থাকা অন্যদের ধরতেও অভিযান অব্যাহত থাকবে।