উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হচ্ছে। এটি আগামী শুক্রবার দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে চারদিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দুপুর ১২টায় প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এছাড়া এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ১,১৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতine বিবেচনা করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বুধবার কক্সবাজারে ছয় মিলিমিটার এবং চট্টগ্রাম ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি শুরু হতে পারে এবং রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে চারদিন বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এ সময় শীতের অনুভূতি কম থাকতে পারে। তবে ২৫-২৬ নভেম্বর থেকে তাপমাত্রা কমে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।