উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিক্ষোভকারীদের বাধার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা টুঙ্গিপাড়া থানায় লাগা আগুন নেভাতে যেতে পারেননি। এই অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে ভাঙচুর চালান। একপর্যায়ে তারা আটককৃত ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নেন এবং থানয়ায় আগুন ধরিয়ে দেন। আগুনে দুই তলা থানা ভবনের সব কক্ষ, ভেতরের সমস্ত জিনিসপত্র এবং পুলিশের ৯টি সরকারি গাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ সদস্যদের অভিযোগ, হামলাকারীরা থানা থেকে সরকারি অস্ত্রসহ কম্পিউটার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। হামলার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান এবং বুধবার দুপুর ২টার দিকে সেখানে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতি দক্ষিণ পাড়ার বাসভবনসহ তার আত্মীয়-স্বজনের ১৫টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, সংসদ সদস্যের আড়াই তলা পাকা বাড়ি থেকে তখনও ধোঁয়া উঠছে। আগুনে বাড়ির সব আসবাবপত্র পুড়ে গেছে এবং পাশেই থাকা তার পৈতৃক টিনের ঘরটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসকান্দার শেখ জানান, স্টেশনের সামনে একদল লোকের বিক্ষোভের কারণে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারেননি। পরবর্তীতে রাত ৯টা ৫৫ মিনিটে তারা সংসদ সদস্যের বাড়িতে পৌঁছান এবং দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি।