উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৮৯ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে। এ সময়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার কোটি ১৮ লাখ টাকা। ব্যাংকের আমানতের তুলনায় সঞ্চয়পত্রে বেশি সুদ এবং বিনিয়োগের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকেই এ খাতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকা। একই সময়ে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকা এবং সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১১ হাজার ৫৮২ কোটি ১৫ লাখ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন বাসসকে বলেন, ব্যাংকের আমানতের তুলনায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রে সুদের হার বেশি। পাশাপাশি ব্যাংকের তুলনায় সঞ্চয়পত্রে বিনিয়োগকে বেশি নিরাপদ মনে করছেন অনেক বিনিয়োগকারী। এসব কারণেই সঞ্চয়পত্রের বিক্রি বেড়ে থাকতে পারে।