উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কথা উল্লেখ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেছেন, ইরানের মহান জাতি কখনো আধিপত্যবাদী শক্তি ও দখলদার ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে মাথা নত করবে না। বরং তাদেরকেই নতি স্বীকারে বাধ্য করবে। গত মঙ্গলবার সংবাদমাধ্যম পার্সটুডে এই তথ্য জানিয়েছে। তেহরানে ইমাম খোমেনি রহ.-এর মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে বাসিজ বাহিনীর কমান্ডার ও সদস্যরা ইমাম খোমেনি রহ.-এর আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন। ইরানি জনগণের ভূমিকা ও দৃঢ় অবস্থানের ওপর এ সময় বিশেষ গুরুত্বারোপ করা হয়। জেনারেল ওয়াহিদি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই বর্তমান সময়ের মতো এতটা আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়েনি। ইরান বর্তমানে আরেকটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত রয়েছে। জনগণের অবিচল প্রতিরোধের ফলেই আধিপত্যবাদী শক্তি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আইআরজিসি প্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্র যাদের কাছেই সহযোগিতা চেয়েছে, ইরানের জনগণের ভয়ে তারা প্রকাশ্যে সহায়তা করতে এগিয়ে আসেনি। কিছু গোপন সহায়তা দেওয়া হলেও ওয়াশিংটন এর চেয়ে অনেক বেশি প্রত্যাশা করেছিল। শহীদ ইমামের প্রত্যাশা অনুযায়ী ইরানি জনগণ তাদের ভূমিকা পালন করে যাচ্ছেন।