উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার চরম আবহাওয়াজনিত ঘটনায় গত ৩০ বছরে ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার কোটি ডলার। জার্মানভিত্তিক জলবায়ু গবেষণা ও উন্নয়ন সংস্থা জার্মানওয়াচের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৭ প্রকাশ করা হয়। ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে চরম আবহাওয়ার প্রভাব তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। এই ৩০ বছরে চরম আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডমিনিকা, মিয়ানমার ও হন্ডুরাস। ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে নয়টিই মধ্যম আয়ের এবং একমাত্র উচ্চ আয়ের দেশ হিসেবে রয়েছে বাহামাস। শুধু ২০২৫ সালেই বিশ্বজুড়ে ৩৬৭টি চরম আবহাওয়ার ঘটনায় প্রায় ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ১০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই বছর সরাসরি অর্থনৈতিক ক্ষতি ছাড়িয়েছে ১৫ হাজার ১৯৮ কোটি ডলার। ওই সময়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে জ্যামাইকা, শ্রীলঙ্কা ও স্পেন। ২০২৫ সালে চরম আবহাওয়ায় মৃত্যুর প্রধান কারণ ছিল তাপপ্রবাহ, যাতে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। অন্যদিকে, অর্থনৈতিক ক্ষতির দিক থেকে সবচেয়ে ভয়াবহ ছিল ঝড়। ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০ বছরে চরম আবহাওয়ায় মোট অর্থনৈতিক ক্ষতির ৫৮ শতাংশের জন্য দায়ী ছিল ঝড়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিষ্ক্রিয়তার মূল্য ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। এ অবস্থায় কপ৩১ সম্মেলন থেকে জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চাভিলাষী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানওয়াচ।