উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
স্বাধীনতার পর গত পাঁচ দশকে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এসেছে। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জিডিপিতে কৃষির অবদান ৭৪ শতাংশের বেশি কমেছে। ১৯৭২ সালে জিডিপিতে কৃষির অবদান ছিল ৪৯.৮ শতাংশ, যা বর্তমানে ১২ শতাংশের কাছাকাছি নেমে এসেছে। সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ উপস্থাপিত ‘বাংলাদেশের ব্যাল্যান্স শিট (১৯৭২-২০২৫)’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, কৃষির অবদান কমলেও শিল্প খাতের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৯৭২ সালে শিল্প খাতের অবদান ৯ শতাংশ থাকলেও ২০২৫ সালে তা ৩৪.০৩ শতাংশে পৌঁছাবে বলে প্রক্ষেপণ করা হয়েছে। অর্থনীতির আকার বাড়লেও সরকারের রাজস্ব আহরণ কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি বলে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের কর-জিডিপি অনুপাত দীর্ঘদিন ধরে ৮ থেকে ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ২০২৫ সালের জন্য এই অনুপাত মাত্র ৬.৬ শতাংশ প্রক্ষেপণ করা হয়েছে, যেখানে অনেক দেশে এটি ১৫ থেকে ১৬ শতাংশ। প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধির ঐতিহাসিক তথ্যও তুলে ধরা হয়েছে। ১৯৭২-১৯৮০ সময়ে গড় প্রবৃদ্ধি ছিল ২.৯৬ শতাংশ, যা ২০১১-২০২০ দশকে বেড়ে ৬.৪৩ শতাংশে পৌঁছায়। তবে করোনা মহামারির পর প্রবৃদ্ধির গতি কিছুটা মন্থর হয়েছে। ২০২১ সালে প্রবৃদ্ধি ৭.১০ শতাংশ থাকলেও ২০২৫ সালে তা ৩.৪৯ শতাংশে নামার সম্ভাবনা রয়েছে। মাথাপিছু জাতীয় আয় ২,১৩৮ ডলার থেকে বেড়ে ২,৯১১ ডলারে পৌঁছালেও আয়বৈষম্য ও জীবনযাত্রার মান নিয়ে সতর্ক করা হয়েছে। টেকসই অর্থনীতির জন্য উৎপাদনশীল খাতের বিকাশ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কৃষকদের জন্য সহজ শর্তে মূলধন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ড. আব্দুল মজিদ।