উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে এবং শ্রমিকরা ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। জাতীয় সংসদের অধিবেশনে গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি ও শ্রমিকদের দাবি নিয়ে বক্তব্য রাখার সময় এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। নতুন শ্রম আইনে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। গত ২৭ অক্টোবর সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ১ নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই যাতে এই মজুরি পুনর্নির্ধারণ করা হয়। অতীতের মজুরি বোর্ডগুলো কাজ শেষ করতে সাত থেকে আট মাস সময় নিলেও বর্তমান সরকার ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছে বলে জানান জোনায়েদ সাকি। শ্রমিকদের জীবনমান উন্নয়নে ছয়টি শ্রমিক অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ ও শিশু কল্যাণ ট্রাস্টের আওতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও আন্তর্জাতিক যুদ্ধের কারণে জ্বালানি খাতে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয়ের চাপ থাকা সত্ত্বেও সরকার শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শ্রমিকদের ন্যায়সংগত দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কোনো পতিত শক্তি যাতে দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল বা ধ্বংস করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।