উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় সম্প্রতি হামলার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। সোমবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে জানান, আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। জবাবে ফারহান হক বলেন, আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।