উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দেশে অপরিণত নবজাতকের জন্ম এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। বর্তমানে দেশে অপরিণত জন্মের হার আনুমানিক ১৬.২ শতাংশ। আধুনিক চিকিৎসাব্যবস্থা ও ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতির উন্নতির ফলে এসব শিশুর বেঁচে থাকার হার বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৬ উপলক্ষে এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। নবজাতক বিভাগ, বিএমইউ এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের যৌথ উদ্যোগে ও প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের সহায়তায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও এসব শিশুর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মাধ্যমে শিশুর শারীরিক ও স্নায়বিক বিকাশ এবং দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির জটিলতা দ্রুত শনাক্ত করা সম্ভব। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, ছোট্ট শিশু, সম্ভাবনা অনেক বড়। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজন নিয়মিত ও সমন্বিত পরিচর্যায় বিনিয়োগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।