উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিয়ান, মহানগর প্রতিনিধি ||
সোজাসাপটা রিপোর্টরাজধানীতে নাশকতার ঘটনায় অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী ও উসকানিদাতাদের শনাক্তে তদন্ত জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ পর্যন্ত বেশ কয়েকজনের নাম গোয়েন্দাদের হাতে এসেছে। তাদের কেউ দেশের বাইরে অবস্থান করছেন, আবার কেউ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে রয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছেন গোয়েন্দারা।সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানান।তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটিয়েছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা বড় ধরনের সহিংসতা ঘটাতে পারেননি। নাশকতাকারীদের পরিকল্পনা ভেস্তে দেওয়া এবং তাদের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।ডিবিপ্রধান জানান, শুধু সরাসরি নাশকতায় অংশ নেওয়া ব্যক্তিরাই নয়, এর পেছনে অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদেরও শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। দেশের বাইরে অবস্থানকারীদের পাশাপাশি ঢাকার ভেতরে আত্মগোপনে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ পর্যন্ত অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে মিরপুর এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় তদন্তে কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে গোয়েন্দারা। ডিবির তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন।মিরপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশ কনস্টেবল মো. সাইমনকে একা পেয়ে একদল বিক্ষুব্ধ ব্যক্তি মারধর করেন। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা ও তদন্তে এস এম মান্নান কচির সাবেক মালিকানাধীন একটি কারখানার কয়েকজন গ্রেপ্তার শ্রমিকের হামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।তদন্তে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নামও এসেছে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে ইন্ধন ও অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোয়েন্দা সূত্রের দাবি, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তার ব্যাংক হিসাব জব্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।শ্রমিকদের স্বাভাবিক দাবিদাওয়ার আন্দোলনের আড়ালে কারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে, তা খতিয়ে দেখতে গিয়ে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। তাদের মধ্যে সাবেক দুই অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) রয়েছেন। এদের একজনের নাম আতিকুল ইসলাম। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সংশ্লিষ্টতার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। এর আগে ইলিয়াস উদ্দিন মোল্লার এক ভাগনেকে গ্রেপ্তার করা হয়।ডিএমপি সূত্র বলছে, নাশকতার নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও সরাসরি অংশগ্রহণকারীদের শনাক্ত করে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আত্মগোপনে থাকা ব্যক্তিরা দেশের ভেতরে বা বাইরে যেখানেই থাকুন, তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত থাকবে।এর আগে পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, জননিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরই অংশ হিসেবে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।