উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে জেলা ও উপজেলার শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান ও সদস্যসচিব ছাইদুল ইসলাম কিসমতসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা নাজিরপুরসহ দেশব্যাপী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য এবং অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান। একই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, গত রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাজিরপুরের মালিখালী ইউনিয়নে হামলা চালায়। তারা বিএনপির কার্যালয় ভাঙচুর ছাড়াও স্থানীয় নেতা-কর্মীদের বাড়িঘরে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।